বগুড়া ৬ উপনির্বাচনে ধানের শীষের জয়ধ্বনি: বিপুল ভোটে বিজয়ী রেজাউল করিম বাদশা

নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা মোট ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে ১ লাখ ৯১ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×