শিরোনাম ::
শিরোনাম ::

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিন সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন। ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের একজন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি কসবার গোপীনাথপুর আলহাজ শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তি একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন।

নিহত মুরসালিনের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি মুরসালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যান। পরে ভারতীয় সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শুক্রবার রাতে আনুমানিক ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করেন। পরে চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাঁদের বাধা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় বাংলাদেশি চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে দুটি ছররা গুলি ছোড়ে। এতে মো. মুরসালিন ও নবীর হোসেন গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় তাঁদের ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন